ফুলবাড়িয়া কাঁচাবাজারে বিটিআইয়ের বহুতল ভবনের সামনে সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। বাজারসংলগ্ন ভবনটির সামনে পথচারীদের চলাচলের পর্যাপ্ত জায়গা না রেখেই বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ।
স্থানীয়দের অভিযোগ, একটি জনবহুল কাঁচাবাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে ভবনের সামনে পথচারীদের চলাচলের জায়গা অক্ষুণ্ন রাখা অত্যন্ত জরুরি। কিন্তু সেখানে পর্যাপ্ত জায়গা না রেখে বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় সাধারণ মানুষের চলাচল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিষয়টি এলাকাবাসীর নজরে আসার পর তাঁরা সাংবাদিকদের অবহিত করেন। পরে সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি পর্যবেক্ষণ করেন। এ সময় সরকারি রাস্তার সীমানা, বাউন্ডারি ওয়াল নির্মাণের বৈধতা এবং পথচারীদের চলাচলের জায়গা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও অসন্তোষ দেখা দেয়।
এ বিষয়ে প্রকল্পসংশ্লিষ্ট আতাউর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, তাঁদের কোনো ত্রুটি নেই। তবে তাঁর এ বক্তব্য মেনে নিতে পারছেন না ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের প্রশ্ন, বাজারের মতো জনবহুল স্থানে পথচারীদের চলাচলের পর্যাপ্ত জায়গা না রেখে কীভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হলো?
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি রাস্তার সীমানা ও ভবন নির্মাণের অনুমোদিত নকশা যাচাই করে। সরকারি জায়গা দখলের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।
এখন এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে এবং অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।